রবীন বসুর দুটি কবিতা--
চলে আসার সময় তুমি শুধু বলেছিলে, 'ভুলে যেও'
মাঠের নাড়ায় উঠেছিল ঢেউ
শুকনো গাছের মাথায় নিঃসঙ্গ কাক
আমি ইচ্ছে করেই চোখ সরিয়ে এইসব দেখছিলাম
আর একবারও তোমার মুখের দিকে না তাকিয়ে
চলে এসেছিলাম হনহনিয়ে।
সেটা কি আমার রাগ ছিল? অসভ্যতা? না,
মনখারাপের খয়াটে ইস্তাহার!
তারপর, সারাজীবন 'ভুলে গেছি' 'ভুলে গেছি' ভেবে
ধুলোপায়ে হেঁটেছি কত! স্বপ্নে সাঁতারে অবশিষ্ট
নেই কিছু ; সাফ হয়ে গেছে স্মৃতি... অমলিন দিশা
ভেবে ভেবে নিজের ভিতরেই কাঁদি, ককিয়ে উঠি
দহনে দগ্ধ হই প্রতিদিন। তবু সেই ভস্মশেষ থেকে
পুনরায় জেগে ওঠে তোমার মুখ, ফিনিক্স নারী!
নতজানু আমি স্বীকার করছি, এই বেলাশেষেও
ভুলে যেতে পারিনি আজও...
অন্য কিছু কথা
বিষাদ লিখেছে মুখে অন্য কিছু কথা
গোপন আস্তিনে রাখা একমাত্র ছুরি
আমাদের চমকায় পূর্বাপর যথা
হিংসা আর নামাবলি পরস্পর জুড়ি।
যদিও সম্মুখ নেই অন্ধকারে পুড়ি
দিনরাত্রি ভয় নিয়ে খুঁজি নির্জনতা
পালিয়ে পালিয়ে ক্লান্ত পায়ে লাগে নুড়ি
এবার তো দম শেষ, বন্ধ কথকতা।
নত মাথা উঁচু হবে, শিরা টান টান
মেরুদণ্ড খাড়া রেখে দাঁড়ায় নির্ভয়
তবুও সম্মুখ আজ বড়ই নির্দয়
মানুষ লড়াই চায় সতত আপ্রাণ।
ক্ষীণ আলো সরু পথ চমকায় দিশা
অনন্ত কালের কাছে জেগে আছে নিশা।
আন্তরিক ধন্যবাদ জানাই
ReplyDelete