শংকর ব্রহ্মর একগুচ্ছ কবিতা
------------------------------------------
১
পরমান্ন
---------------------------
পরমান্নে লোভ নেই এ কথা বলব না
পরমান্ন শব্দটা শুনলেই
মুখ ভরে জমে ওঠে লালা
আমি শালা ভিখিরিরও অধম ভিখারী
দিন শেষে এক থালা ভাত জোটে যদি
তাকে রাজ ভোগ বলে ভুল হয়ে যায়।
পরমান্নে লোভ নেই এ কথা বলতে পারে কারা
লক্ষ্মীকে ধরে ঘরে বেধে রাখে যারা।
দিন শেষে যদি
পান্তা ভাতে একটু লবন আর একটা লঙ্কা জুটে গেলে
পরমান্ন বলে ভুল হয়ে যায়
আনন্দে চোখ দুটি ভরে ওঠে জলে।
------------------------------
২
অন্ধ
শংকর ব্রহ্ম
--------------------
মনে মনে যাকে খুশি ভালবাসতে পার
তাতে কেউ দোষ ধরে না কারও
মুখে সেটা বললেই অপরাধী হবে
কী আশ্চর্য নিয়ম এই ভবে।
মনে মনে যাকে তাকে খুন করতে পার
মনে শুধু ভাবলেই শাস্তি হয় নাতো কারও
তাতে মনোরোগী বেড়ে যায় আরও।
আবারএই মন নিয়েই
যত সব গোলমাল,
কে যে কা'কে কোন মন নিয়ে
দেয় কোন চাল?
অন্ধরা সবচেয়ে বেশী দেখে আজকাল।
আর আমরা চোখ থাকতেও
অন্ধ হয়ে থাকি চিরকাল।
--------------------------------
৩
প্রেম মানে কি
--------------------------
তোমার কথা ভাবলে পরে
মনের ভিতর কেমন করে
এর মানে কি,প্রেম নাকি?
তোমার চোখের উপর
যখন আমার চোখটা পড়ে
শিরশিরিয়ে বুকের ভিতর কাঁপন ধরে
এর মানে কি, প্রেম নাকি?
হঠাৎ তুমি সামনে এসে হাসলে পড়ে
বুকের ভিতর আনন্দ ঢেউ উছলে পড়ে
এর মানে কি,প্রেম নাকি?
প্রেম মানে কি?
নদীর মতো ছুটতে ছুটতে
তোমার কাছে পৌঁছে হঠাৎ
তোমার উপর ঝাঁপিয়ে পড়ে
তোমার ভিতর গভীর ভাবে বিলীন হওয়া?
কেউ জানে কি? প্রেম মানে কি?
-------------------------------
৪
শীতেরদিনে কল্পনায়
-----------------------------
শীতেরদিনে বন্ধু বিনে, দিন কাটে না আর
কাছে এসে বসার সময় হবে কি আর তার?
শীতেরদিনে কখন বন্ধু আসবে কাছে বলো,
কাছে এলে বলব তোমায় মাঠের রোদে চলো
একটুখানি বসবে পাশে শিশিরমাখা নরম ঘাসে
রোদও তখন বলবে হেসে-'বেশ করেছিস',শেষে
এই ঠান্ডায় উষ্ণ হতে আমার কাছে এসে
তুমিও বোধহয় পৌঁছে যাবে পারিজাতের দেশে।
বুকের ভিতর তখন শীতের রোদের উষ্ণ ওমে,
ধীরে ধীরে শীতের কামড় দেখবে যাবে কমে,
এ'সব মোটেই সত্যি তো নয়,সবই আমার কল্পনায়
শীতের কষ্ট দূর করতে,এ'সব ভাবতে হয় আমায়।
--------------------------
৫
কি হবে উপায়
-------------------------
আজকে আমার শোকের দিন, সত্য গেছে মারা
আসছে দেখি মিথ্যেরা সব এক এক করছে তাড়া।
মিথ্যে নিয়ে সারা জীবন আর কি বাঁচা যায়,
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ লাগায়, কে শহরে গায়?
ভোটের রাজনীতি করে দেশ হল ছারখার
জনগণের দুঃখে কষ্টে কি যায় আসে নেতার?
তোমার আমার কথা তারা কখনও ভাবেন নাকি,
ভোটের সময় যা সব বলেন লোক দেখানো ফাঁকি।
এই কথাটা বুঝতে যদি এত সময় যায়,
ভোটার জনগণের আর কি হবে উপায়?
---------------------------
No comments:
Post a Comment