শেষ ট্রেন
এশরার লতিফ
ফিরবো না কখনো জেনে, উঠেছি সন্ধ্যার ট্রেনে
ব্রড গেজে ম্লান হই, কুয়াশার শার্সি টেনে।
তুমি দূরে হাত নাড়ো, দু চোখে অঞ্জন গাঢ়
হয়তো শুকোবে ক্ষত, কেটে যাবে এ আঁধারও।
আমি জানি এই শেষ, চেয়ে থাকা অনিমেষ
এই যে সোনালী ছটা, এই যে রূপালী রেশ।
অথবা হতেই পারে, অনন্তের অন্য পাড়ে
আবার তোমারে পাবো সাতনরি, চন্দ্রহারে।
ছেড়েছি আপন তট, অনিচ্ছার এ শকট,
যে নাচায় সুতো, জানে, মায়াময় মঞ্চপট।
তবু এই পুণ্যে পাপে, আধিব্যাধি অপলাপে,
হীরে হয়ে জ্বলো তুমি, বিজলীর কিংখাপে।
No comments:
Post a Comment