গৌতম চট্টোপাধ্যায়ের তিনটি কবিতা--
~~~~
"মুখোশ"
সকাল সকাল এঘর সে ঘর আঙিনায়
বিক্ষিপ্ত দোদুল্যমান নগ্ন পদচারনা ক'রে দেখলাম
পোশাকে আবৃত আমি ঠিক কতটা নগ্ন বা উলঙ্গ !
বাঘ-চোখ নিয়ে ঝোপের আড়াল থেকে
গরু ছাগল হরিণী ঠাহর করার সঙ না-কী
ওৎপেতে থাকা রোজ!
যদিও আমি তৃণভোজী নই
সাদরে পাতে দেওয়া মাংস
হজম ক'রে ঘাপটি মেরে
বসে থাকা অধ্যাপক-মুখে
মুখোশ চাপিয়ে ছৌ নাচছি...!
আমি ও আমার মতো মানুষের
নপুংসক হওয়ার সময় এসে গেছে বোধ হয়!
আমার আমিত্বের সুসজ্জিত জীবন -মানচিত্রে
ধবধবে আচকানো পাঞ্জাবীর নীচে
পাজামায় রক্তের দাগ এখনো ফ্যাকাশে হয়নি..
অস্তমিত সূর্য থেকে চুঁয়ে পড়া
আধো অন্ধকারে হাতে ধরা মোমবাতির আভায়
আমার কামুক-চোখ জুলজুল করে...
এক কাপ চা আর মুড়ি-ঘুগনির হুজুগ মিছিলে
নিষ্পাপ মুখ...আর প্রতিবাদী -শোক-সভায়
পাঞ্জাবীর পকেট ছুঁয়ে বসা মেয়েটিকে
তারিয়ে তারিয়ে খায় চোখ
কে মনে রাখে কার কত দুঃখ কত শোক!
অন্যায় ন্যায় নিয়ে চলা রোজ রোজ
এ সব বাঘেদেরই ছোটখাট ভোজ
আনাচে কানাচে
আরো এক মোমবাতি জ্বালানো
কোনো ধর্ষিতার ফোটো ফ্রেমের নীচে.....!!!
~~~~
"বারুদের গন্ধ"
~~~~~~
গৌতম চট্টোপাধ্যায়
~~~~~~~~~
আজ সেই লুঙ্গি পরা "লোক"টা মারা গেছে...
যে আমার ঘর বানিয়েছিল বহু বছর আগে...
খুউব আদর যত্নে বানিয়েছিল আমার পূজো ঘর..
যেখানে অনেক দেব-দেবী'র সাথে
'রাম'এর মূর্তি স্হাপিত করেছিলাম....
যে লোক'টা আজ পাগলা-গারদ থেকে
নিজের বাড়ী ফিরতে গিয়ে
গাদা গাদা মানুষের কঙ্কালের হাড় হয়ে যাওয়া
এবং তাদের বোবা অবস্হানে
ক্ষিপ্রস্রোতা নদীর নাব্যতা হারিয়ে যাওয়া
এবং শিখ-গুজরাত দাঙ্গায় ঝলসে যাওয়া
সবুজ যন্ত্রণা দেখে দেখে
বহুবছর আগেই পাগল হয়ে গেছিল!
আবার সেই ভাঙচুর
আবার সেই "আমি" আর "তুমি"
আবার সেই হাওয়া -ভরা আগুন
যেখানে "সাফিন হাসান"এর আগুন নেই!
আবার সেই গোঙানি ! সেই চিৎকার !
আবার সেই নেতার প্রগলভতা!
যাদের পেটে একঝুড়ি জারজ -বক্তৃতা অসন্তোষ !
আর সুন্দর ভারত'কে জ্বালিয়ে ধ্বংসের অপেক্ষা !
আবার সেই কঙ্কাল, মর্গেও অবরোধ নিশ্চিত !
চাপ চাপ কালো ধোঁয়া -ভয়!
অবাক ভারত বারুদ-ভাষণের গন্ধে ঘুমহীন
ব্যস্তময় সত্ত্বাহীনতা, বিভেদের পারমাণবিক তাপে
ঝলসানো ভারত- চামড়ায় জ্বালাময় ঘামাচি যন্ত্রণা
কাক ও পায়রা"
~~~~~
গৌতম চট্টোপাধ্যায়
~~~~~~~~
সারা শহর জুড়ে শুধু
কফ্ থুতু আর জঞ্জাল বমি...
ছান্ মেরে কোথাও একটাও
কাকের হদিশ পেলাম না...
এ এক অদ্ভূত রেডিয়েশন...!
দু'টো পায়রা বিজলী তারে বসে
ঠোঁটে ঠোঁট খোপাখুপি করতে করতে
লটকে গেছে...
প্রেম-সন্দেশের
এ এক অদ্ভূত রেজোনেন্স না ঝুলন্ত ভাইব্রেশন...!
সারা শহরে আর কোথাও
না কাক আছে না পায়রা..
মাটিতে কিছু পচা গলা ক্ষতবিক্ষত শব
আর আকাশে শকুনের সুদ চক্রবৃদ্ধি..
এও এক অদ্ভূত গণিতীয় সলিউশন...!
~~~~~~
No comments:
Post a Comment