আইসক্রিম
অগ্নিশ্বর সরকার
জ্যৈষ্ঠের ঝাঁঝালো দুপুরে
এক মনে, গাড়ি ঠেলে ফেরি করো-
লাল, হলুদ, সাদা
আরও কত রঙ,
কত মনমোহিত করা গন্ধ।
একমনে ঘণ্টা বাজিয়ে ফেরি করে চলেছো-
রাস্তার ভাপ, রাস্তার অবজ্ঞাকে
ঘামের সাথে মুছে নিয়ে-
ঘণ্টা বাজিয়ে একমনে ফেরি করছো
কত আহ্লাদকে।
ঘর্মাক্ত পথচারীকে এক চিলতে শান্তি দিচ্ছো,
একটা ঠাণ্ডা আইসক্রিম বেচে কত লাভ হয়?
হয়তো এক-টাকা বা দু-টাকা!
এতো কষ্টের দাম কি মেলে?
তবুও হাসি মুখে, একমনে-
ফেরি করে বেড়াও এপাড়া-ওপাড়া
আইসক্রিম নেবে গো--আইসক্রিম।
No comments:
Post a Comment